ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, বিচার দাবি
· Prothom Alo

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
Visit asg-reflektory.pl for more information.
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মোল্লা বাড়ি এলাকায় সিরাজ শাহর আস্তানায় অবস্থিত ত্বকীর কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় সেখানে দোয়া ও ফাতিহা পাঠ করা হয়।
ত্বকীর কবরে ফুল দেন তাঁর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, খেলাঘর আসর জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি জাহিদুল হক, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ শাখার পক্ষে শোভা সাহা, বাসদের জেলা সদস্যসচিব আবু নাঈম খান, সমমনা সংগঠনের দুলাল সাহা, প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অনেকে।
এ সময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম বলেন, ত্বকীর ঘাতকেরা চিহ্নিত হলেও আওয়ামী লীগ সরকারের আমলে তাঁদের বিচারের আওতায় আনা হয়নি। বর্তমান সরকারের কাছে দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার শুরুর দাবি জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার এক আসামি সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক বছরের মধ্যে ২০১৪ সালের ৫ মার্চ র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সংবাদ সম্মেলনে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন ঘাতক ত্বকীকে হত্যা করেছে। ত্বকীর বাবা রফিউর রাব্বিকে ‘শায়েস্তা’ করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
তবে হত্যাকাণ্ডের ১৩ বছর পার হলেও এখনো আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি।