ভোটার তালিকার বিরোধিতায় অবস্থান কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়

· Prothom Alo

সমন্বিত নিবিড় ভোটার তালিকা বা এসআইআরের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান ধর্মঘট শুরু করেছেন। গতকাল শুক্রবার দুপুর থেকে কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার মেট্রো চ্যানেলে শুরু হয়েছে এই অবস্থান ধর্মঘট। মমতার অভিযোগ, এই এসআইআরের নামে বহু প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। বহু জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। ভোটার তালিকা নিয়ে নয়ছয় করা হয়েছে।

ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে মমতা গতকাল বলেছেন, ‘নির্লজ্জ বেহায়া বিজেপি। আর তাদের দালাল হলো নির্বাচন কমিশন। এ লজ্জা আজ ঢাকার জায়গা নেই। বেঁচে আছেন ভোটার অথচ দেখানো হয়েছে মৃতের তালিকায়। এই ধরনের মৃতের তালিকায় থাকা ২২ জন জীবিত ভোটারকে তিনি এই অবস্থান মঞ্চে সশরীরে হাজির করাচ্ছেন।’

Visit sports24.club for more information.

তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে এই রাজ্যে বাদ দেওয়া হয়েছে প্রায় ৬৪ লাখ ভোটারের নাম। বাদের তালিকার বেশির ভাগ পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলার ভোটার। অবস্থান ধর্মঘট আজও চলছে।

গতকাল এই অবস্থান ধর্মঘটে প্রখ্যাত সংগীতশিল্পী ও যাদবপুরের সাবেক সংসদ সদস্য কবীর সুমন যোগ দিয়ে বলেছেন, ‘আমি মনেপ্রাণে তৃণমূল নই। অভিযোগ আছে। তবে এটাও ঠিক এতদিন এই রাজ্যের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তা তুলনাহীন।’ এরপর উপস্থিত মানুষের অনুরোধে তিনি ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ এবং ‘পথে এবার নামো সাথী’ গান দুটি গেয়ে শোনান।

অবস্থান ধর্মঘটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই অবস্থান ধর্মঘটে আরও যোগ দেন এবারে রাজ্যসভার নির্বাচনে (ভারতের আইনসভার উচ্চকক্ষ) তৃণমূলের ৪ প্রার্থী আইনজীবী মেনকা গুরুস্বামী, পশ্চিমবঙ্গের সাবেক পুলিশের ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়।

অবস্থান ধর্মঘটে যোগ দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এবারের বিধানসভা ভোটে বিজেপির আসনসংখ্যা ৫০–এর নিচে চলে যাবে। তবে বিজেপি ৪০–এর নিচে আসন পেলে আশ্চর্য হওয়ার কারণ থাকবে না। অবাক হব না।’

Read full story at source