নারীর নিরাপত্তা, সমানাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার সিপিবির
· Prothom Alo

নারীমুক্তির সংগ্রাম ও সমাজ পরিবর্তনের লড়াই অভিন্ন। বিদ্যমান সমাজ ও রাষ্ট্রকাঠামোয় নিপীড়িত নারীসমাজের নিরাপত্তা, সমানাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখতে হবে। বৈষম্যের বিরুদ্ধে এবং নারীবিদ্বেষী উগ্র ডানপন্থী শক্তির আগ্রাসন প্রতিহত করতে সিপিবি আপসহীন ভূমিকা পালন করবে।
Visit asg-reflektory.pl for more information.
রোববার বেলা ১১টায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অবস্থিত মৈত্রী মিলনায়তনে এ সভা হয় বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
আলোচনা সভায় সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সিপিবি চিকিৎসক শাখার সম্পাদক আক্তার বানু, নারীনেত্রী তাহমিনা ইয়াসমিন নীলা, শ্রমিকনেতা শিল্পী আক্তার, ডালিয়া আক্তার, রেহানা আক্তার, প্রগতি লেখক সংঘের সহসভাপতি জাকির হোসেন, সংস্কৃতিকর্মী সৈয়দা রত্না, ফারুখ আহমেদ, ছাত্রনেতা সোফিয়া মাহবুব প্রমুখ।
সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘আমরা ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি একটি নারীবিদ্বেষী মহল একের পর এক আক্রমণের ঘটনা ঘটাচ্ছে, যা খুবই উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সম্প্রতি সারা দেশে নারীদের হেনস্তা করার পরও সরকার হেনস্তাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এসব অপশক্তিকে দমন করতে না পারার দায় সরকারকেই নিতে হবে।’
সাজ্জাদ জহির চন্দন আরও বলেন বলেন, বিভিন্ন উগ্র ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও বিদ্বেষ ছড়াচ্ছে। দেশের সামাজিক সম্প্রীতি বিনষ্টের এসব হীন চেষ্টা বন্ধ করতে হবে।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার বলেন, আন্তর্জাতিক নারী দিবস সমাজতন্ত্রী নারীদের দ্বারা সূচিত শ্রমজীবী অধিকার আন্দোলনের ঐতিহাসিক দিন। দুঃখজনক হলেও বহুজাতিক করপোরেট পুঁজি নারী দিবসের মর্মার্থকে পণ্যের মোড়কে আবদ্ধ করেছে। ফলে নারীমুক্তির সংগ্রামের মর্ম আজ এই দিবস পালনে খুঁজে পাওয়া যায় না। তিনি নারীর বিরুদ্ধে চলমান আক্রমণ ও আধিপত্য প্রতিরোধ করতে রোকেয়া ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান।