রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে ২ চালক নিহত
· Prothom Alo

রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাক ও ইউরিয়া সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের এক সহকারী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই ট্রাক হাজীপুরের খারুভাজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) নিহত হন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে।
Visit fishroad-app.com for more information.
অপর দিকে সারবোঝাই ট্রাকের চালকও ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালকের সহকারী আরিফুল ইসলাম (৩২) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় দুই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং একজন সহকারী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত অন্য ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।