রায়পুরায় নিখোঁজের পরদিন প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে শিশুর লাশ উদ্ধার
· Prothom Alo

নরসিংদীতে নিখোঁজের পরদিন প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
Visit lebandit.lat for more information.
শিশুটির নাম আবদুর রহমান (৬)। সে চরমরজাল গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. শুক্কুর আলীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
পুলিশ, শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার সকালে ঘর থেকে বের হয়েছিল আবদুর রহমান। এর পর থেকেই সে নিখোঁজ। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় তার মা রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকাল আটটার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মাণাধীন একতলা বাড়ির ছাদে পানি দিতে গেলে শ্রমিকেরা শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রায়পুরা থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শিশুটির মা সুমি আক্তার বলেন, ‘গতকাল সকাল ৯টায় ঘুম থেকে উঠছিল। ১০টা বাজে তারে ভাত দিছি, ভাত খাইছে। দোকান থেকে মজা কিনে আনার জন্য টাকা চাইছিল, টাকা দিছি। পরে মজা কিনে এনে আমার সামনে বসে খাইছে। কোরআন শরিফ পড়তেছিলাম আমি। কোন ফাঁকে ঘর থেকে যে বের হইছে, আর খুঁজে পাই না। আজ সকালে ছেলেকে পাওয়া গেছে শুনে ওই বাড়ির ছাদে যাই। গিয়ে দেখি, তার লাশ উপুড় হয়ে পড়ে আছে। এইটুকু একটা বাচ্চাকে কেউ মেরে ফেলতে পারে! আমি কাউকে সন্দেহও করতে পারছি না।’
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, শিশুটির গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তাদের কাজ শেষ হলে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।