অস্কারের আলোচিত ১০ ঘটনা, যত চমক

· Prothom Alo

অস্কারে ঘটেছে নানা ঘটনা, হয়েছে নতুন রেকর্ড—এমন ১০ ঘটনা নিয়েই এ আয়োজন।

ফ্রি প্যালেস্টাইন
অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম অনেক দিন ধরেই ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসন নিয়ে সোচ্চার। এবার অস্কারের মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।’ তাঁর এই বক্তব্যের পরপরই মিলনায়তনে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়। এদিন নিজের পোশাকে যুদ্ধবিরোধী পিনও পরেছিলেন অভিনেতা।

Visit sports24.club for more information.

লালগালিচায়
অস্কারের আগে প্রতিবারের মতো এবারও লালগালিচায় আলো ছড়িয়েছেন তারকারা। তবে পিপলডটকমের প্রতিবেদনে সেরা হয়েছেন কেড হাডসন, এমা স্টোন, তিয়ানা টেইলর, ডেমি মুর, এল ফ্যানিং, মাইকি মেডিসনরা।

প্রেমিকা কাইলি জেনারের সঙ্গে টিমোথি শ্যালামে। রয়টার্স

আলোচিত জুটি
ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন অস্কারের ঘোষক। হাভিয়ের বারদেমের সঙ্গে তিনি ঘোষণা করেন সেরা আন্তর্জাতিক সিনেমার নাম। লালগালিচায় স্বামী নিক জোনাসকে নিয়ে হাজির হন প্রিয়াঙ্কা। অন্যদিকে প্রেমিকা কাইলি জেনারকে নিয়ে এসেছিলেন টিমোথি শ্যালামে।

তিন প্রথম
সেরা নির্মাতা পল টমাস অ্যান্ডারসন, সেরা দুই অভিনয়শিল্পী জেসি বাকলি ও মাইকেল বি জর্ডান—এবার তিনজনের প্রথম অস্কার। এর মধ্যে আবার প্রথম মনোনয়নেই পুরস্কার পেলেন জর্ডান।

নেই শন
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’–এ কর্নেল স্টিভেন জে. লকজ চরিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন শন পেন। এটি তাঁর তৃতীয় অস্কার। তবে অনুষ্ঠানে তিনি ছিলেন না; তাঁর হয়ে পুরস্কার নেন অভিনেতা ম্যাকলে কালকিন।

শন পেন। আইএমডিবি

ও’ব্রায়ানের ‘রাজনীতি’
এবারের অস্কার অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৌতুক অভিনেতা কোনান ও’ব্রায়েন। সাধারণত অন্য সঞ্চালকদের মতো খুব বেশি রাজনৈতিক মন্তব্য তিনি করেন না। তবে উদ্বোধনী বক্তব্যেই দর্শকদের সতর্ক করে দেন, ‘আজকের অনুষ্ঠান কিছুটা রাজনৈতিক হতে পারে।’ এ সময় তিনি মজা করে বলেন, যাঁরা এতে অস্বস্তি বোধ করবেন, তাঁরা চাইলে বিকল্প একটি অনুষ্ঠানে যেতে পারেন, যেটি নাকি সঞ্চালনা করবেন কিড রক। ও’ব্রায়েনের এ মন্তব্য আসলে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএয়ের একটি বিকল্প অনুষ্ঠানের প্রতি ইঙ্গিত। চলতি বছরের সুপার বোল উপলক্ষে তারা কিড রকসহ কয়েকজন শিল্পীকে নিয়ে একটি বিকল্প হাফটাইম কনসার্টের আয়োজন করেছিল। কৌতুকের ছলে বলা এই মন্তব্যে অডিটোরিয়ামে হাসির রোল পড়ে।

অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

স্মরণ
অস্কারে গত ১২ মাসে প্রয়াত শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের স্মরণ করা হয়। তাঁদের মধ্যে আছেন ডায়ান কিটন, রবার্ট রেডফোর্ড, রব রেইনার ও ক্যাথরিন ও’হারা। তবে ব্রিজিত বার্দোর নাম উল্লেখ করা হয়নি, যা নিয়ে চলছে আলোচনা। গত ফেব্রুয়ারিতে সিজার অ্যাওয়ার্ডসে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল, অনেকেই তাঁকে সম্মান জানানো মানে বর্ণবাদ উসকে দেওয়া—এমন মন্তব্যও করেন। মনে করা হচ্ছে, বিতর্ক এড়াতেই তাঁকে বাদ দিয়েছে একাডেমি।

৪০ বছর পর
‘ওয়েপনস’ সিনেমার জন্য এবার পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অ্যামি ম্যাডিগান। প্রথম অস্কার মনোনয়নের ৪০ বছর পর পুরস্কার পেলেন ৭৫ বছর বয়সী অভিনেত্রী। টোয়াইস ইন লাইফটাইম–এর জন্য ১৯৮৬ সালে প্রথম মনোনয়ন পান তিনি।

অটাম ডুরাল্ড আর্কাপ। এএফপি

ডুরাল্ডের ইতিহাস
‘সিনার্স’–এর জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছেন অটাম ডুরাল্ড আর্কাপ; অস্কারের ইতিহাসে এই প্রথম কোনো নারী জিতলেন এই পুরস্কার। এই বিভাগে পুরস্কার পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারীও তিনি। অস্কারে ডুরাল্ডের আগে মাত্র তিন নারী চিত্রগ্রাহক মনোনয়ন পেয়েছিলেন। পুরস্কার গ্রহণ করে নির্মাতা রায়ান কুগলারের প্রতি কৃতজ্ঞতা জানান ডুরাল্ড, একই সঙ্গে দুনিয়ার নানা প্রান্তের নারীদের সামনে এগিয়ে আসার আহ্বান জানান।

এবারও হলো না
সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ডায়ান ওয়ারেন, কিন্তু পুরস্কার পাননি। এবার দিয়ে ১৭বার অস্কার মনোনয়ন পেয়েও তাঁকে খালি হাতে ফিরতে হলো।

Read full story at source