আব্বুকে ছাড়া ঈদ অপরিপূর্ণ

· Prothom Alo

অকালবর্ষা, হাঁড়–কাঁপানো শীত কিংবা কাঁঠাল–পাকা তপ্ত রোদের গ্রীষ্মে যাঁরা গভীর সমুদ্রে গিয়ে জীবনের মায়া ত্যাগ করে সংগ্রাম করেন, তাঁদের মধ্যে একজন আমার আব্বু। সমুদ্রজয়ী মৎস্যশিকারি জেলে। বড় হওয়ার পর থেকে বাবা নামক মানুষটাকে প্রতিবছর স্মরণ করি আনন্দময় উৎফুল্লে ভরা পবিত্রময় ঈদের দিনে। এই উৎসবে, হাসিতে, খুশিতে পরিবারের সবাই থাকে পাশে, কিন্তু আব্বু থাকেন না। সেই সময়ে তিনি থাকেন মৎস্য শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সংগ্রাম করে বিপর্যয়ের মুখে। তাই ঈদের দিনে উৎসবমুখর পরিবেশে থেকেও আনন্দহীন লাগে। অপরিপূর্ণ লাগে জীবনের প্রতিটা সেকেন্ড।

সবাই থাকা সত্ত্বেও আব্বুর অনুপস্থিতিতে মনে হয় কেউ নেই কোথাও। প্রজাপতির ওড়াউড়ি, কৃষ্ণচূড়া ফুলের রঙিন উঠান, জবা ও রক্তিম গোলাপের সৌরভে মুখর পরিবেশে পাড়াপ্রতিবেশী ও আত্মীয়স্বজন ঈদ–আনন্দের সৌজন্যবোধে সালাম বিনিময় করতে বাড়িতে আগমণ করলেও আমার কেবল একলা লাগে। আব্বুকে সালাম করে জড়িয়ে ধরার শূন্যতা কুড়িয়ে মারে।

Visit fish-roadgame.com for more information.

ঈদের উৎসবে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে। আব্বুর সঙ্গে হাতে ধরে মসজিদে যেতাম। আব্বুই আমাকে নিয়ে যেতেন। তখন ওনার পেশা একই থাকলেও যেকোনো উপায়ে বাড়িতে চলে আসতেন পরিবারের সঙ্গে ঈদ কাটাতে। কখনো কখনো ঈদের দিন আসতেন, আর সঙ্গে নিয়ে আসতেন সমুদ্র থেকে বড় বড় মাছ। সেই মাছ কেটে প্রতিবেশীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। তখন কী যে আনন্দ লাগত, তা এখনকার দিনে শুধু আব্বুর সাক্ষাৎ পাওয়ার মতো।

এখন সময়ের পরিবর্তন হয়েছে, আগের মতো তিনি চাইলেই আসতে পারেন না। দেশের আইনানুগ ব্যবস্থা কঠোর হয়েছে। মাছ ধরার জন্য নির্দিষ্ট সময় ও না ধরার জন্য নির্দিষ্ট সময়ের রূপরেখা তৈরি হয়েছে। তাই দেশের মৎস্যশিল্পে বৈশ্বিক মাছ উৎপাদনের লক্ষ্যে যেকোনো সময় সমুদ্র থেকে আসতে পারেন না। সমুদ্রে থেকেই ঈদ উদ্‌যাপন ও মাছ আহরণ করতে হয়।

অন্যদিকে গভীর সমুদ্রে মাছ আহরণের জন্য ফিশিং বোট চলে গেলে আর যোগাযোগ করা সম্ভব হয় না। প্রযুক্তিনির্ভর এই আধুনিক যুগেও নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই চাইলেও প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ করে কথা বলা যায় না।

হৃদয়ে লালন করা আব্বুর শূন্যতা নিয়ে আনন্দ উদ্‌যাপন করা যেন অশ্রু ছেপে রেখে হাসিমুখে কথা বলার মতো। এই দুঃখ, অপরিপূর্ণতা, শূন্যতা ফুরাবে কেবল আব্বুর সাক্ষাৎ পেলে, তাঁকে জড়িয়ে ধরে জমিয়ে রাখা অশ্রুটুকু ফেলতে পারলে। তখনই মনে হবে, এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়, আমার ঈদ, আনন্দ ও উৎসব।

বন্ধু, কক্সবাজার বন্ধুসভা

Read full story at source