ঈদ-পরবর্তী দাওয়াত: কোন আয়োজনে কেমন পোশাক
· Prothom Alo

ঈদ-পরবর্তী সময়ে দাওয়াতের ধুম পড়ে যায়। বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিচিতজনদের বাসায় লাঞ্চ বা ডিনারের আমন্ত্রণ কিংবা বিয়েবাড়িতে পোশাক বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেনে নিই উপলক্ষের ধরন বিবেচনা করে কেমন পোশাক পরা উচিত।
Visit newsbetting.cv for more information.
ঈদের আনুষ্ঠানিকতা শেষ হলেও এর রেশ যেন লেগে থাকে মাসজুড়ে। কারণ, ঈদ-পরবর্তী সময়ে দাওয়াতের ধুম পড়ে যায়। এ সময়ে স্বজনদের কাছে পাওয়ার নিশ্চয়তায় অনেকেই বিয়ের তারিখ রাখেন, থাকে বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিচিতজনদের বাসায় লাঞ্চ বা ডিনারের আমন্ত্রণ। এমন আয়োজনগুলোয় পোশাক হয়ে ওঠে ব্যক্তিত্ব আর রুচির গুরুত্বপূর্ণ প্রকাশ। তাই প্রতিটি আয়োজনে মানানসই পোশাক বেছে নেওয়াটা জরুরি।
দাওয়াতের এই মৌসুমে পোশাক নির্বাচনের আগে নিজেকে তিনটি সহজ প্রশ্ন করতে পারেন—কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আর কাদের সঙ্গে দেখা হবে। তিনটি প্রশ্ন নিজেকে করে সহজেই নিতে পারবেন সিদ্ধান্ত।
যদি গন্তব্য হয় বিয়েবাড়ি বা কোনো পার্টি, তাহলে একটু জমকালো সাজই মানানসই। মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, শারারা কিংবা লেহেঙ্গা হতে পারে দারুণ পছন্দ।
আর ছেলেরা বেছে নিতে পারেন পাঞ্জাবি, শেরওয়ানি বা স্যুট। তবে পোশাকের ধরন ঠিক করার আগে দাওয়াতের ভেন্যুর পরিবেশটা কেমন হবে, তা বুঝে নেওয়াও গুরুত্বপূর্ণ।
শিশুদের ক্ষেত্রে অবশ্যই আরামকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ, তাদের স্বাচ্ছন্দ্যই সবচেয়ে বেশি জরুরি।
অন্যদিকে যদি নিমন্ত্রণ হয় আপনজনের বাসায় দুপুর বা রাতের খাবারের, তাহলে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ পোশাক এড়িয়ে চলাই ভালো।
এখানে গুরুত্ব পাবে পরিমিত রুচি আর স্বাচ্ছন্দ্য। সহজ নকশার, চিরায়ত প্যাটার্নের পোশাক আপনাকে দেবে স্বস্তি আর আভিজাত্যের এক ভারসাম্যপূর্ণ প্রকাশ।
বন্ধুদের সঙ্গে আড্ডার ক্ষেত্রে রাখা যেতে পারে একটু বেশি নিরীক্ষাধর্মী ছোঁয়া। ঢিলেঢালা, নরম কাপড়ের পোশাক আপনাকে রাখবে প্রফুল্ল ও স্বাচ্ছন্দ্যে।
মেয়েদের জন্য টপ-বটম, স্কার্ট, ম্যাক্সি ড্রেস, কাফতান কিংবা জাম্পসুট হতে পারে আদর্শ। আর ছেলেদের জন্য পোলো টি-শার্ট, রাউন্ড নেক টি কিংবা ক্যাজুয়াল শার্টের সঙ্গে ডেনিম একদম মানানসই।
তবে যে পোশাকই বেছে নিন না কেন, আবহাওয়ার বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, তাপমাত্রা শোষণ করে এমন রঙের পোশাক এ সময় বেছে না নেওয়াই ভালো হবে।
প্যাস্টেল বা হালকা শেডের পোশাক যেমন আরামদায়ক, তেমনি এগুলো তাপ প্রতিফলিত করে শরীরকে কিছুটা শীতল রাখে। পোশাকের প্যাটার্নেও অতিরিক্ত বাহুল্য এড়িয়ে চলা উচিত, বরং সাধারণ ও নান্দনিক ডিজাইনই বেশি স্বস্তিদায়ক হবে।
অলংকরণের ক্ষেত্রে বেছে নিন নান্দনিক নকশার সীমিত ব্যবহার হয়েছে এমন পোশাক। আর বাইরে বের হওয়ার সময় সঙ্গে রাখতে পারেন এক বোতল পানি ও ছাতা। গরমে নিজেকে হাইড্রেট রাখা যেমন জরুরি, তেমনি হঠাৎ রোদ বা বৃষ্টিতেও ছাতা দিতে পারে তাৎক্ষণিক সুরক্ষা।