‘দেশকে ভালোবাসতে হলে মুক্তিযুদ্ধকে স্মরণ করতে হবে’

· Prothom Alo

‘এই দেশের স্বাধীনতার ইতিহাস এক দিনের নয়। এই ইতিহাস একটা দীর্ঘ পরিক্রমার ইতিহাস। কোনো কিছু পাব—এই আশায় নিজের জীবন বাজি রেখে সেদিন আমরা যুদ্ধে যাইনি। লাল-সবুজের পতাকা অর্জনের জন্য আমরা মহান স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই স্বাধীনতা অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে পাওয়া। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস কখনোই মুছে ফেলা যাবে না।’

কুমিল্লায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে কথাগুলো বলেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক। অগ্নিঝরা মার্চে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড আয়োজন প্রথম আলো বন্ধুসভার একটি অনন্য উদ্যোগ মন্তব্য করে অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কিছুর তুলনা করাও কখনো ঠিক হবে না। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা চাই না নতুন প্রজন্ম বিকৃত বা নতুন করে বানানো ইতিহাস জানুক। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অবিকৃতভাবে সংরক্ষণ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। তাহলেই স্বাধীনতার প্রকৃত ইতিহাস ছড়িয়ে পড়বে।’

Visit rouesnews.click for more information.

কুমিল্লায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে মার্চ মাসজুড়ে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। আজ সোমবার দুপুরে কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকায় অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজে ১৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে অলিম্পিয়াড আয়োজন করে কুমিল্লা বন্ধুসভা।

অনুষ্ঠানে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী হোসেন চৌধুরী বলেন, ‘একাত্তরে ভারতে প্রশিক্ষণ শেষে ফেরার পরই আমি ধরা পড়ে যাই। শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। পাকিস্তানি হানাদার বাহিনী আমার ওপর অনবরত নির্যাতন করেছে। যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তখন জানতাম না আমরা ফিরে আসব কি না। তবে দেশকে স্বাধীন করতে হবে—এই বিশ্বাস নিয়েই আমরা যুদ্ধে গিয়েছিলাম। আজকে মুক্তিযোদ্ধাদের সম্মান ও সম্মানী দেওয়া হয়। কিন্তু সেই সময়ে আমরা কোনো কিছু পাব—এই আশা নিয়ে যুদ্ধে যাইনি। একাত্তর বাঙালি জাতির জন্য শতাব্দীর অবিস্মরণীয় অধ্যায়। একাত্তরে একটি জাতি দাঁড়িয়ে গিয়েছিল পৃথিবীতে। সেদিন একটি জাতি তার পতাকা উড়িয়েছিল আকাশে। একটি জাতি তার মানচিত্র এঁকেছিল রক্ত দিয়ে।’

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা

বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন চৌধুরী বলেন, ‘বাঙালির ইতিহাস হাজার বছরে ধীরে ধীরে গড়ে ওঠে। ’৫২-সালে এসে বিকশিত বাঙালি জাতি সত্তার বিকাশ ঘটে। এই ’৫২ না হলে, ’৭১ না হলে বাঙালি জাতি নামের কোনো জাতি থাকত না। পৃথিবীতে বাঙালি একটি জাতি হিসেবে দাঁড়াতে পেরেছে একাত্তরের কারণে। একাত্তর আমাদের অলংকার, একাত্তর আমাদের অহংকার ও গৌরবের জায়গা। দেশকে ভালোবাসতে হলে মুক্তিযুদ্ধকে স্মরণ করতে হবে। এই দেশটা আমাদের অনেক ত্যাগ আর কষ্টের বিনিময়ে পাওয়া। পৃথিবীতে আর কোনো দেশ নেই, যাদের মুক্তিযুদ্ধ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে।’

বীর মুক্তিযোদ্ধা ডা. আবু আয়ুব হামিদ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বের কথা বলেন। একাত্তরের স্বাধীনতাযুদ্ধের গেরিলা যোদ্ধা ডা. আবু আয়ুব হামিদ বলেন, ‘নতুন প্রজন্মের সন্তানের এমন একটা জায়গায় আছে—তারা কল্পনাও করতে পাববে না একাত্তর কেমন ছিল। তোমরা কল্পনাই করতে পারবে না—সে সময়ে নারীদের ওপর কতটা অত্যাচার হয়েছে। পুরুষদের কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা আজকে একাত্তরকে অস্বীকার করতে চায়, এটা তাদের রাজনৈতিক খেলা। একাত্তর না হলে আজকে তোমরা শিক্ষার্থীরা এখানে থাকতে না, একাত্তর না হলে আমি আজকে ডাক্তার হতাম না। একাত্তর না হলে কোনো বাঙালি সুপ্রিম কোর্টের বিচারক হতো না। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছায়নি—এই দোষটা তোমাদের না, আমাদেরই।’

‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইতিহাসগবেষক আহসানুল কবীর, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান।

ইতিহাসগবেষক আহসানুল কবীর বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে এই কুমিল্লার গৌরবময় ইতিহাস রয়েছে। আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাহলেই নতুন প্রজন্ম প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারবে।’

কুমিল্লায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৫০ শিক্ষার্থীর মধ্যে বাছাই শেষে পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। প্রথম হয়েছে নুসরাত জাহান, দ্বিতীয় কোহিনুর আক্তার, তৃতীয় জোবায়ের আলম, চতুর্থ স্বন্দীপ রায় এবং পঞ্চম হয়েছে রিয়ান ইসলাম। সবাই কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থী। বিজয়ীদের মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেওয়া হয়।

কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা (জুয়েল), বন্ধুসভার সাধারণ সম্পাদক হানিফ মোসাব্বির, সহসাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম, সাংস্কৃতিক সম্পাদক জেনিবা খন্দকার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তাজরীন সুলতানা প্রমুখ। সঞ্চালনা করেন কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ইমরান হোসাইন।

Read full story at source