খিলগাঁওয়ে মা ও শিশুর মরদেহ উদ্ধার
· Prothom Alo

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে মা ও তাঁর শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন নার্গিস বেগম (৩৭) এবং তাঁর ছেলে মো. মাহিম (৫)।
Visit newssport.cv for more information.
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে খিলগাঁও থানার পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছেলেকে ধারালো চাকু দিয়ে হত্যার পর মা নার্গিস বেগম আত্মহত্যা করেছেন। খবর পেয়ে খিলগাঁও তিলপাপাড়ার বাসা থেকে দুজনকেই উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার কারণ এখনো জানা সম্ভব হয়নি। কারণ জানতে পুলিশ কাজ করছে।
পুলিশের খিলগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, নিহত নার্গিস বেগমের স্বামী সিএনজি অটোরিকশা চালক। তাঁদের সংসারে আর্থিক অনটন ছিল। বিভিন্ন সময়ে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।