জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটি, অধিবেশন শেষে ব্যবস্থা: চিফ হুইপ

· Prothom Alo

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় তা ‘জটিল আকার’ ধারণ করেছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, চলমান অধিবেশনের কারণে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, তবে অধিবেশন শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Visit casino-promo.biz for more information.

বুধবার জাতীয় সংসদ ভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ নূরুল ইসলাম এ কথা বলেন।

চিফ হুইপ জানান, সাউন্ড সিস্টেমের ত্রুটির কারণে অধিবেশন শুরুতেও বিলম্ব হচ্ছে। তিনি বলেন, ‘আমরা খুবই বিব্রতকর অবস্থায় আছি। সংসদ কক্ষেই সাউন্ড ঠিকভাবে কাজ করছে না।’

চিফ হুইপ অভিযোগ করেন, এই বিশেষায়িত কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিবেচনায় না নিয়েই নির্মাণকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ছাড়া নির্ধারিত মান বজায় রাখা হয়নি। ৩৮ গ্রামের মাইক্রোফোন দেওয়ার কথা থাকলেও ২৫৮ গ্রামের মাইক্রোফোন সরবরাহ করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকার প্রকল্পে কম ব্যবধানে দরপত্র দেওয়া একটি প্রতিষ্ঠান কাজ না পেলেও পরে সেই প্রতিষ্ঠানকে দিয়েই কাজ করানো হয়েছে।

এটাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং চরম অনিয়ম’ বলে মন্তব্য করেন চিফ হুইপ।

নূরুল ইসলাম বলেন, বর্তমান অবস্থায় সাউন্ড সিস্টেম বাতিল করলে অধিবেশন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তাই অধিবেশন শেষ হওয়ার পর বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নারী আসনে ত্যাগীরা অগ্রাধিকার পাবেন

সংরক্ষিত নারী আসনে রাজপথের ত্যাগীরা ‘অগ্রাধিকার’ পাবেন বলে জানিয়ে চিফ হুইপ বলেন, ‘আমরা বিশ্বাস করি, নারীরা আসুক। যত দ্রুত আসে, তত লাভ। আমরা ফ্যামিলি কার্ড করেছি নারীদের ক্ষমতায়নের জন্য। যত দ্রুত সম্ভব আমরা তাদের সংসদে নিয়ে আসার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী যেকোনো নারীকে সংসদ সদস্য নির্বাচিত করতে পারেন, এমন ক্রাইটেরিয়া সংবিধানে আছে।’

চিফ হুইপ বলেন, ‘যাঁরা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে ভূমিকা রাখতে পারবেন, এমন বিবেচনায় আমাদের সংসদ নেতা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। সব মিলিয়েই একটা সিদ্ধান্ত হবে এ রকমের যে যাতে আমরা সকল সেকশনকে রিপ্রেজেন্ট করতে পারি এবং রাজপথে ত্যাগী নেতা এবং সংসদে ভূমিকা রাখতে পারেন। এমন মানুষকেই আমরা খুঁজে বের করব এবং সেটাই আমাদের নেতা করবেন। আমি মনে করি, তাঁর সিদ্ধান্ত নির্ভুল হবে।’

সংসদে সন্ত্রাসবিরোধী আইন পাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, ‘আইন অনুযায়ী বাংলাদেশের সব মানুষের বিচার হবে। যিনি দোষ করেছেন, তাঁর বিচার হবে; যিনি নির্দোষ, তাঁর বিচার হবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।’

এ ছাড়া চিফ হুইপ নূরুল ইসলাম জানান, একাধিক অর্ডিন্যান্স একত্র করে বিল আকারে পাস করা হয়েছে এবং এ পর্যন্ত ৪৪টি অর্ডিন্যান্স অনুমোদন পেয়েছে। বাকি প্রক্রিয়াও শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংসদীয় কার্যক্রম জোরদার করতে নিয়মিত বৈঠক হচ্ছে বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কাজ করা এবং সে লক্ষ্যে সংসদ সদস্যদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

Read full story at source