সকালে ভোটার কম, প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ১ শতাংশের কম
· Prothom Alo
বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্ধারিত সময়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
Visit betsport.cv for more information.
আজ সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। নির্বাচনী কর্মকর্তারা জানান, বেশির ভাগ কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত গড়ে ১ শতাংশের কম ভোট পড়েছে। সকাল ৯টা পর্যন্ত অনেক ভোটকেন্দ্র প্রায় ফাঁকা।
সকাল সাড়ে আটটায় বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটার নেই। কেন্দ্রের বাইরে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। বুথে অলস বসে আছেন ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এ কেন্দ্রের ছয়টি বুথে ভোটারের সংখ্যা ২ হাজার ৮৩৫। প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহেল মাসুম বলেন, প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে গড়ে ১ শতাংশ। কেন্দ্রের ৬ নম্বর বুথে ভোটার ৩৪৯ জন। প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ১টি।
এ কেন্দ্রে ভোট দিতে এসে তালিকায় নাম খুঁজে পাননি জলেশ্বরীতলা এলাকার ভোটার মনুয়ারা বেগম। তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ কেন্দ্রে ভোট দিয়েছেন। আজ ভোট দিতে এসে তালিকায় নাম খুঁজে পাচ্ছি না।’ এ সম্পর্কে প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহেল মাসুম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রথম এক ঘণ্টায় ভোটার উপস্থিতি নেই শহরের প্রিক্যাডেট উচ্চবিদ্যালয় কেন্দ্রেও। প্রিসাইডিং কর্মকর্তা এস এম সোহেল রানা বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৯২ জন। প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ৪২টি।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে। ঈদের ছুটির পর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অনেক ভোটার এলাকার বাইরে অবস্থান করছেন। অন্তত ৫০ শতাংশ ভোটার এবার কেন্দ্রে আসবেন বলে আশা করা হচ্ছে। ১৫০টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটার উপস্থিতি গড়ে ১ শতাংশ বলে আমরা খবর পাচ্ছি। পরে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ শুরুগত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বগুড়া জেলা বিএনপির সভাপতি। তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র। আর জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ আসনে ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন।