বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগে আটক মিঠামইন বিএনপির সভাপতি জাহিদুল
· Prothom Alo

বেড়িবাঁধে থাকা ২২টি মেহগনিগাছ কেটে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলমের (জাহাঙ্গীর) দলীয় সব পদ স্থগিত করার পর এবার তাঁকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জেলা শহরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় জাহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
Visit milkshakeslot.online for more information.
এদিকে মঙ্গলবার মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় গাছ চুরির অভিযোগ এনে মামলা করেন। মামলায় আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মামলায় বেড়িবাঁধের ১২টি মেহগনিগাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার পর মঙ্গলবারই মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলমের দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলমের বিরুদ্ধে কামালপুর এলাকায় বেড়িবাঁধের প্রায় ২০টি মেহগনিগাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজ গাড়ি নিয়ে তাঁর বাড়ি যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এ ধরনের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন, যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। সুতরাং এ ধরনের গর্হিত কাজের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলমের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-৯৬ সালে বেড়িবাঁধটি তৈরি করা হয়। সে সময় বেড়িবাঁধ এলাকায় অনেকগুলো গাছ রোপণ করা হয়। সম্প্রতি সেসব গাছ থেকে রাস্তার মাঝে থাকা বেশ কিছু গাছ কেটে ফেলা হয়। অভিযোগ ওঠে, জাহিদুল আলম এসব গাছ নিজের বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত করার সুবিধার জন্য কেটে ফেলেছেন। বিষয়টি সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এ পরিপ্রেক্ষিতে জাহিদুলের দলীয় সব পদ স্থগিত করে বিএনপি।