নেত্রকোনায় মজুত করা ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

· Prothom Alo

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Visit biznow.biz for more information.

গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করে অবৈধ তেল জব্দসহ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি তেলের সংকট চলছে। এ অবস্থায় রামপুর বাজারে ব্যবসায়ী এনায়েতুর রহমান পেট্রল অবৈধভাবে মজুত করে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ইউএনওর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় এনায়েতুর রহমানের গুদামঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা; ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা এসব পেট্রল শনিবার সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন আদালত। এ বিষয়ে কেন্দুয়ার ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read full story at source